লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com এ

Tuesday, October 5, 2021

অন্তর চক্রবর্তী, শারদীয়া সংখ্যা

অন্তর চক্রবর্তী’র গুচ্ছকবিতা

নির্বাণ

 

৬.

ভূতপূর্ব যা যা পথ, অকাতর ইষ্টজগতের

সমাহিত অবশেষে সবিস্তার নিগূঢ় ঐহিক

বিনাশ? না আয়ুমূল? ছদ্মরবে কৌতূহলরাশি

পরমে আকুতি সঁপো, সঁপো, সূক্ষ্ম অনুভা-তালাশ

বারংবার বাত্যাবিঘ্নে ইতস্তত সাধনসমাধা

কৈবল্যমুখর তবু সুজঙ্গম জিগীষামহিম

পান্থশ্রমে দ্যাখো ইহ, নিরঙ্কুশ মহাজাগতিক

 

৭.

মুহুর্মুহু স্মৃতিচিহ্নে দীর্ঘতর হল ক্ষতদাগ

অন্তর, জাগাও দ্রোহ, ভাস্করের শিরা-উপশিরা

খোদাই-প্রকৃতি গুণে সমুজ্জ্বল ধমনীজোয়ার

স্পন্দনে নিপুণ ঢালো অনিমিখ রাহীকুশলতা

নীবরের স্ব-আঘাতে চিরঞ্জীব অসীমাবয়ব

বিশদ স্ফূরণজোড়া মৌসুমীর পরতে পরতে

সরল নিশ্চিহ্ন হল সমগ্র জখমস্মারক

৮.

উৎফুল্ল নিদ্রালোক জেগে আছে তুষারশয়ানে

সন্তাপের প্রাত্যহিকে অকপট মায়াব্যতিক্রম

প্রেয়সী তিতিরচোখ, রাখি মৃদু ক্ষুধা-অনুরোধ

দুর্জ্ঞেয় নিঝুম চিরে ঝাপটাও কৃশানু-উড়াল

দাহপর্ব সমাপনে মেলে যেন কণ্ঠমাত্র দেহে

স্নায়ুর ক্ষরণজলে রাঙা রাঙা বাল্য অস্থিফুল

নিদ্রাভোজে সমারূঢ় ঊষানাভি, ওমে ফেরা শীত

 

৯.

 

অবসাদে বাঁধাধরা পরিত্যক্ত নোঙর-মানস

দেখেছি ধ্বংসের কোণে, বেলাশেষে স্বভাবী ছায়ায়

সেও তো চেয়েছে আজ মহোত্তম জাহাজী প্রত্যয়

কবেকার অপঘাতে শুয়ে আছে স্তব্ধজল পোত

ফেরাও ভোঁ-এর শ্বাস অনাবিল, আজন্মের ভোর,

সুপ্রখর অর্চিদণ্ডে, দাও এই মহার্ণব সেঁচে

নোঙরের ওষ্ঠাধরে শ্বেতস্পর্ধা পালোমা-আভাষ

 

১০.

দ্যাখা যায় ওই দূরে, নাস্তিকের শ্রান্ত পাদুকারা

কাঙাল আবেশে লিখি মনোযোগী ভাবানুসরণ

সদ্যোজাত মক্শখানি জড়দ্গব ঊষর পেরোয়

উপল-কাঁটায় বিঁধে, লিপিবদ্ধ ভ্রমের অধিক

আয়াসী আঙুল বেয়ে আচম্বিতে মৃদু করজোড়

আদিগন্ত প্রপঞ্চের ক্ষুরধার বজ্রসমাহারে

নাস্তিকের পাদুকায়, নেমে আসে ঈশ্বরের ভূম

No comments:

Post a Comment